মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

শ্রমিক দিয়েই খনন হবে নদী-খাল, বাড়বে কর্মসংস্থান: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১৪:৪০

পঞ্চগড়ের বোদা উপজেলার একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন। ছবি: সংগৃহীত

দেশে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য নিয়ে নদী, খাল ও নালা খনন এবং পুনঃখনন কাজে ড্রেজারের পরিবর্তে শ্রমিক ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ড্রেজার দিয়ে খনন কাজ করলে ব্যয় কম হলেও শ্রমিক দিয়ে কাজ করালে কিছুটা বেশি খরচ হয়। তবে এতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। সরকার চায় উন্নয়ন কার্যক্রমের অর্থ সরাসরি মানুষের হাতে পৌঁছাক এবং অধিক সংখ্যক মানুষের জীবিকা নিশ্চিত হোক।

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের অন্যতম লক্ষ্য। মানুষকে ঢাকামুখী না করে নিজ নিজ এলাকায় কাজের সুযোগ তৈরির জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে এ কর্মসূচি চালু করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী নিজ হাতে মাটি কেটে এবং বৃক্ষরোপণের মাধ্যমে খনন কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার রবিউল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কৃষ্ণ কমল সরকার, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন এবং উপ-বিভাগীয় প্রকৌশলী রাফসান জানি প্রমুখ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top