শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১৫:৪৫
বিদেশে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এ ঋণ সুবিধা চালু করা হবে। এ ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজে এই সহায়তা পেতে পারে।
তিনি জানান, বৈঠকে মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে কোরিয়া, জাপান, চীন, জার্মানিসহ বিভিন্ন দেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই ঋণ সুবিধা কার্যকর করার বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ রয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের শ্রমবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা কম। বরং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের কাজে ভবিষ্যতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, ভাষা না জানার কারণে অনেক বাংলাদেশি শ্রমিক কম বেতনে কাজ করতে বাধ্য হন। এ জন্য বিদেশে যাওয়ার আগে তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।
জাপানে এক লাখ কর্মী পাঠানোর বিষয়ে হওয়া সমঝোতা স্মারক দ্রুত বাস্তবায়ন এবং ইউরোপসহ অন্যান্য দেশে শ্রমিক পাঠানোর উপায় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
এছাড়া ইউরোপের বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশেই কনস্যুলার সেবা চালুর জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু দেশ এ সেবা চালু করেছে, বাকিদেরও দ্রুত যুক্ত করার তাগিদ দেওয়া হয়েছে।
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম আরও বেশি প্রচারের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে ইতিবাচক কাজগুলো জনগণের সামনে তুলে ধরতে বলা হয়েছে।
তিনি জানান, অভিবাসন ব্যয় নির্ধারণসহ ১৮০ দিনের কর্মপরিকল্পনার বিভিন্ন বিষয় দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু করা এবং থাইল্যান্ডসহ নতুন বাজারে কর্মী পাঠানোর বিষয়েও জোর দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে প্রবাসী আয় কমে যাওয়ার আশঙ্কা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, সাময়িক কিছু প্রভাব পড়লেও দীর্ঘমেয়াদে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে, যা বাংলাদেশের জন্য ইতিবাচক হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।