সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১২:০২
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রমের তদারকি এবং সমন্বয় নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় শনিবার (২৮ মার্চ) এক বার্তায় এ তথ্য জানায়।
শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সব পেট্রোল পাম্পে বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করবে। অন্য জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের এলাকার প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন।
নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করবেন এবং প্রতিদিনের প্রতিবেদন জমা দেবেন। এছাড়া প্রতিটি পেট্রোল পাম্পের তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কাছে পাঠানোর জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।