দেশের জ্বালানি তেল ডিপোগুলোতে বিজিবি মোতায়েন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১২:৪০
দেশের বিভিন্ন জ্বালানি তেল ডিপোতে দেশের নিরাপত্তা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে। এর উদ্দেশ্য হলো জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম শনিবার (২৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের চেষ্টা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি প্রতিরোধ এবং ডিপোগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মোতায়েন কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর অধীনে পরিচালিত হচ্ছে। সদস্যরা নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করছেন। বুধবার (২৫ মার্চ) থেকে ঢাকাসহ ৯টি জেলার ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মোতায়েনকৃত সদস্যরা নিয়মিত তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়ন করছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, অবৈধ জ্বালানি মজুত ও বিক্রয় প্রতিরোধ এবং নাশকতা প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে।
সীমান্ত দিয়ে তেল পাচার প্রতিরোধে সীমান্তে অতিরিক্ত টহল, নৌ টহল, চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আইসিপি ও এলসিপিতে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। বিজিবির দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনগণের আস্থা বৃদ্ধি করাও লক্ষ্য।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।