শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

কালোবাজারি ঠেকাতে বিশেষ ক্ষমতা আইনে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি আইনমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৮:২০

সংগৃহীত

কালোবাজারি ও জ্বালানি মজুতের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রয়োজন হলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারা প্রয়োগ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী অভিযোগ করেন, একটি চক্র অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে একই মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে তেল সংগ্রহ করছে। পরে তা বাসায় মজুত রেখে পুনরায় তেল নিতে আসছে। এতদিন সরকার নমনীয় থাকলেও এখন কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে বলে জানান তিনি।

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণ বয়কট করে আবার একইসঙ্গে সেই ভাষণের ওপর দীর্ঘ আলোচনা দাবি করা দ্বিচারিতার শামিল।

জ্বালানি সংকট মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও নজরদারিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি জানান, আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শৈলকুপায় খাল খনন কর্মসূচিতে অংশ নিতে পারেন।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এম এ মজিদ, সেলিম রেজা, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ধাওড়া গ্রামের ধলহরা খাল খনন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top