নকলের দাফন কাফন ও চল্লিশা করে মন্ত্রণালয় ছেড়েছিলাম: শিক্ষামন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৯:১৬
শিক্ষা মন্ত্রণালয়কে নিজের ইবাদতখানা উল্লেখ করে বিগত সরকার শিক্ষাখাতকে অবহেলার শিকার করেছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার বরিশাল শিল্পকলা মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের উদ্যোগে কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে বরিশাল সিটি করপোরেশনের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মন্ত্রী অভিযোগ করেন, ছাত্র, শিক্ষক বা অভিভাবকের দোষ নয়, সদিচ্ছার অভাবেই শিক্ষাখাতের অবস্থা ধ্বংসাত্মক হয়েছে। বিগত সরকারের মন্ত্রী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই এ অনিয়মের দায় বহন করবেন।
ড. মিলন বলেন, “নকল দমন করতে অনেক আগেই মন্ত্রণালয় ছাড়ি; নকলের দাফন, কাফন ও চল্লিশা করেছি। এখন নকলের রূপ পাল্টাচ্ছে, আমাদেরও ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আগামীতে অভিন্ন প্রশ্নপত্রের ভিত্তিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।”
মন্ত্রী আরও জানান, সরকার মানসম্মত শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষাখাতের অভাব দূর করতে আগামী বাজেটে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা রয়েছে। এছাড়া, অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন পরিবর্তন করে যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
তিনি জানান, পাবলিক পরীক্ষাগুলো সারাদেশে একক প্রশ্নে নেওয়া হবে এবং এমসিকিউ পদ্ধতিতেও পরিবর্তন আনা হবে। শিক্ষকদের মতামত জানতেই তিনি সারাদেশে টানা সাতদিনের সফরে বের হয়েছেন। তিনি শিক্ষকদের ভীতি দিতে নয়, মতামত জানার জন্যই এ সফর করছেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে নিরক্ষরতা দূর করা হবে। এছাড়া, প্রতিটি বিভাগের জন্য একটি করে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করবেন।
এসএসসি ও সমমানের পরীক্ষার সুষ্ঠু আয়োজন এবং উত্তরপত্র মূল্যায়নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান। অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে স্বচ্ছতা অপরিহার্য বলে উল্লেখ করেন মন্ত্রী।
সভায় বরিশাল শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা অংশ নেন। শিক্ষামন্ত্রী শহরাঞ্চলের শিক্ষা কার্যক্রম এবং অনলাইন-অফলাইন ক্লাস আয়োজনের বিষয়ে সরকারী প্রস্তুতির কথাও জানান।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকী। উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও অন্যান্য বিশিষ্টজনরা।
এর আগে শিক্ষামন্ত্রী ড. মিলন লঞ্চযোগে বরিশালে পৌঁছান।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।