শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১৫:৫১
বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে বিএনপির মাহমুদুল হক রুবেল সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
রোববার (১২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) তাদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশনের সচিবের স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। পরদিন শনিবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৩৯-এর দফা (৪) অনুযায়ী ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীদের নাম, পিতা-মাতা ও ঠিকানা চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বগুড়া-৬ আসনে নির্বাচিত হন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয় এবং ৯ এপ্রিল সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করে একই দিনে সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।