রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

কুড়িগ্রামে গরুর মাংস বিক্রি বন্ধের অভিযোগে উত্তেজনা, স্থানীয়দের মধ্যে অসন্তোষ

কুড়িগ্রাম প্রতিনিধি, | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১১:১৮

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনীরপাঠ বাজারে গরুর মাংস বিক্রি বন্ধের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনা ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলগাছা ইউনিয়নের যতিনের হাট এলাকায় একটি গরুর মাংসের দোকান নিয়মিত কার্যক্রম চালিয়ে আসলেও ডাকনীরপাঠ বাজারে ট্রেড লাইসেন্সধারী মাংস ব্যবসায়ীরা গরুর মাংস বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার নাগেশ্বরী থানায় দুই মাংস ব্যবসায়ী এবং মসজিদ মার্কেটের এক মালিককে ডেকে নিয়ে গরুর মাংস বিক্রি না করার বিষয়ে নির্দেশ দেওয়া হয় বলে স্থানীয়রা দাবি করেছেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বাজারটিতে দীর্ঘদিন ধরেই গরুর মাংস বিক্রি সীমিত বা বন্ধ রয়েছে। তারা অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ের মতো বর্তমান পরিস্থিতিতেও প্রভাবশালীদের চাপের কারণে এমন সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

অন্যদিকে, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান জানান, স্থানীয় বাজারের শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে আলোচনা হয়েছে এবং বাজার মালিক স্বেচ্ছায় গরুর মাংস বিক্রি না করার কথা জানিয়েছেন।

তবে মার্কেট মালিক আজিজুল হক (অবসরপ্রাপ্ত সার্জেন্ট) এ বক্তব্য অস্বীকার করে বলেন, তাকে বৈঠকে ডেকে সময়ক্ষেপণ করা হয়েছে এবং পরে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, “এখানে কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেওয়া হবে না। আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত হয়েছে যে ওই বাজারে গরুর মাংস বিক্রি বন্ধ থাকবে।”

অন্যদিকে স্থানীয় এক ধর্মীয় নেতা জানান, মসজিদের পাশে মাংস বিক্রির বিষয়ে মুসল্লিদের মধ্যে অসন্তোষ রয়েছে এবং বিষয়টি নিয়ে ধর্মীয় আলোচনাও হয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল আলম সফি বলেন, বিষয়টি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নজরে রয়েছে। তাই এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

স্থানীয়দের একটি অংশ বলছে, বাজারে গরুর মাংস বিক্রি বন্ধ থাকায় তাদের প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার দূরের বাজার থেকে মাংস কিনতে হচ্ছে, যা তাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ ঘটনায় এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরছেন স্থানীয় সচেতন মহল



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top