দুর্নীতির অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৩:৪৮
হামের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ আবেদন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করেন।
আবেদনে বলা হয়, দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে প্রায় শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। সরকারিভাবে টিকার সংকট, হামসহ বিভিন্ন রোগের বিস্তার এবং শিশু মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় বিষয়টি গভীরভাবে উদ্বেগজনক হয়ে উঠেছে।
এতে আরও উল্লেখ করা হয়, হামের প্রকোপ বৃদ্ধি ও শিশু মৃত্যুর ঘটনায় সাবেক দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা নিয়ে সাধারণ নাগরিক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রশ্ন তুলেছেন। পাশাপাশি বর্তমান সরকারও টিকা ও সিরিঞ্জের ঘাটতিকে পূর্ববর্তী সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছে।
আবেদনে দাবি করা হয়, অন্তর্বর্তীকালীন সরকার টিকা ক্রয় পদ্ধতিতে যথাযথ প্রস্তুতি ছাড়াই পরিবর্তন আনে এবং পর্যাপ্ত বাজেট (প্রায় ৪২ হাজার কোটি টাকা) থাকা সত্ত্বেও সময়মতো টিকা সংগ্রহ ও সরবরাহে ব্যর্থ হয়। এর ফলে দেশে হামের প্রকোপ বেড়ে মহামারির আকার ধারণ করেছে বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া, টিকা ও সিরিঞ্জ ক্রয়ে স্বচ্ছতার অভাব, অর্থের সঠিক ব্যবহার না হওয়া এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অনিয়মের তথ্য দুর্নীতির ইঙ্গিত দেয় বলে আবেদনে উল্লেখ করা হয়।
দেশের স্বাস্থ্য ও অর্থ খাত রক্ষা এবং শিশুদের জীবন সুরক্ষার স্বার্থে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।