সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

চৈত্র সংক্রান্তি আজ: পুরনোকে বিদায়, নতুন বছরের প্রত্যাশা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩০

ছবি: সংগৃহীত

আজ চৈত্র সংক্রান্তি, বাংলা বছরের শেষ দিন। বাংলা পঞ্জিকার নিয়ম অনুযায়ী প্রতিটি মাসের শেষ দিনকে সংক্রান্তি বলা হয়। এরই ধারাবাহিকতায় চৈত্র মাসের শেষদিনটি চৈত্র সংক্রান্তি হিসেবে পালিত হচ্ছে। আগামীকাল পহেলা বৈশাখের মধ্য দিয়ে শুরু হবে নতুন বাংলা বছর ১৪৩২।

আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ধারক এই চৈত্র সংক্রান্তি। বছরের শেষ দিন হিসেবে পুরনোকে বিদায় জানানো এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতিতে দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। এই দিনকে ঘিরেই পহেলা বৈশাখের আয়োজনের সূচনা ঘটে, যা বাঙালির অন্যতম সর্বজনীন উৎসব হিসেবে বিবেচিত।

চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান পালিত হয়। সনাতন ধর্মাবলম্বীরা এদিন শাস্ত্র অনুযায়ী স্নান, দান, ব্রত ও উপবাস পালন করেন। পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও নিজ নিজ বিশ্বাস অনুযায়ী নানা কর্মসূচিতে অংশ নেন।

গ্রামবাংলায় এই দিনকে কেন্দ্র করে বসে মেলা ও নানা লোকজ আয়োজন। হালখাতা উপলক্ষে ব্যবসাপ্রতিষ্ঠান সাজানো, লাঠিখেলা, লোকসংগীত, সংযাত্রা, রায়বেশে নৃত্য ও শোভাযাত্রার মাধ্যমে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

চৈত্র সংক্রান্তির অন্যতম আকর্ষণ ‘চড়ক পূজা’ বা গাজন উৎসব। এ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়, যেখানে ভক্তরা শিব ও গৌরী সেজে নৃত্য পরিবেশন করেন। নন্দি, ভৃঙ্গীসহ বিভিন্ন পৌরাণিক চরিত্রের সাজে অংশগ্রহণকারীরা উৎসবকে আরও বর্ণিল করে তোলেন।

পুরনো বছরের সব ক্লান্তি, বেদনা ও গ্লানি পেছনে ফেলে নতুন দিনের প্রত্যাশায় চৈত্র সংক্রান্তি বাঙালির জীবনে নিয়ে আসে নতুন আশার বার্তা। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত পুরো জাতি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top