শিক্ষামন্ত্রী বললেন- ‘আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়’
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৫:৩০
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ব্যক্তিগতভাবে তিনিও অনলাইন ক্লাসের পক্ষে নন। তবে বর্তমান বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ডিজিটাল শিক্ষাব্যবস্থার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, “আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়। তাই আমাদেরও সেই পথেই এগোতে হবে।”
বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। এর কারণে শিক্ষা কার্যক্রমে অনলাইন ও সরাসরি শ্রেণি কার্যক্রমের সমন্বয় করতে হচ্ছে, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রায় ৭০০ থেকে ৮০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। তবে এসব আলোচনায় কেউই অনলাইন ক্লাসের পক্ষে মত দেননি বলে জানান শিক্ষামন্ত্রী।
এ সময় কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও জানান।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।