শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দিব: শিক্ষামন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৬:০৫

ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে একটি ‘বট বাহিনী’ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে দিচ্ছে।

তিনি বলেন, এই বট বাহিনী তার নামে ভুয়া ফটোকার্ড তৈরি করে তা ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন ধরনের ট্রল করছে। এমনকি তিনি নাকি পরীক্ষার দিন পরীক্ষার রুটিন প্রকাশ করবেন এ ধরনের হাস্যকর ও ভিত্তিহীন তথ্যও প্রচার করা হচ্ছে বলে জানান তিনি।

আজ শুক্রবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার রুটিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একাধিক তথ্যকে ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নকল প্রতিরোধের অংশ হিসেবে রুটিন প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরীক্ষার হলে গিয়ে বিষয় অনুযায়ী প্রশ্ন জানা যাবে এ ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যা ও গুজব।

এছাড়া ‘ফেল করলেই এমপিও বাতিল’ এমন আরেকটি গুজব ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, তিনি আগেই স্পষ্ট করেছিলেন যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল করলেও এমপিও বাতিল করা হবে না। তবুও একটি মহল বিকৃত তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে। তিনি মন্তব্য করেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেই অনেক সময় ভুল তথ্য বেশি ছড়াচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top