ইরানের হাতে এখনো বিপুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত: মার্কিন সামরিক কর্মকর্তা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৭:৪২
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিমান হামলায় ক্ষয়ক্ষতি হলেও তেহরানের কাছে এখনো বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত রয়েছে বলে দাবি করেছেন এক মার্কিন সামরিক কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের মতে, ইরানের এই সামরিক সক্ষমতা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে থাকতে পারে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও দেশটির কাছে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং একমুখী আক্রমণ চালাতে সক্ষম ড্রোন রয়েছে। এসব অস্ত্র অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
বৃহস্পতিবার আইনপ্রণেতাদের সামনে এ তথ্য তুলে ধরেন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেমস অ্যাডামস। তিনি জানান, ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়ারা যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর শত শত হামলা চালিয়েছে।
চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা আপাতত বন্ধ রয়েছে। তবে এসব হামলার কারণে ইরানের সামরিক সক্ষমতায় উল্লেখযোগ্য অবনতি ঘটেছে বলে উল্লেখ করেন অ্যাডামস। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক উপকমিটির শুনানিতে এ মন্তব্য করেন।
এদিকে এপ্রিলের শুরুতে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এখনো অক্ষত রয়েছে। পাশাপাশি দেশটির কাছে এখনো হাজার হাজার একমুখী আক্রমণকারী ড্রোন ও বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।