বাংলাদেশের বেসরকারি খাত ও ব্যাংকিং খাত চরম সংকটে:অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৪

সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের বেসরকারি খাত বর্তমানে কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং ব্যাংকিং খাতও দুর্বল অবস্থায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আটলান্টিক সেন্টার আয়োজিত এক আলোচনায় তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর দেখা যাচ্ছে দেশের অর্থনীতি এক জটিল অবস্থায় রয়েছে। তার মতে, আর্থিক খাত কার্যত সংকটগ্রস্ত এবং পুঁজিবাজারও স্থবির হয়ে পড়েছে।

অর্থমন্ত্রী দাবি করেন, অতীতে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, যার ফলে দেশে তীব্র পুঁজি সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে টাকার অবমূল্যায়ন ও মুদ্রাস্ফীতির কারণে বেসরকারি খাতের মূলধন প্রায় অর্ধেক কমে গেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি মূলত বেসরকারি খাতনির্ভর হলেও বর্তমানে সেই খাতই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। অনেক প্রতিষ্ঠান কম উৎপাদনে চলছে এবং লোকসানে পড়ছে, ফলে তাদের টিকে থাকা কঠিন হয়ে উঠছে।

ব্যাংকিং খাত সম্পর্কে তিনি বলেন, অনেক ব্যাংক দুর্বল হয়ে পড়েছে এবং দ্রুত পুনঃপুঁজিকরণ (রিক্যাপিটালাইজেশন) প্রয়োজন। একই সঙ্গে তিনি জানান, আগামী দুই বছরের জন্য আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে ব্যাংক ও বেসরকারি খাতে পুঁজি সরবরাহ বাড়ানো জরুরি।

কর-জিডিপি অনুপাত কমে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ব্যবসা খাত পুনরুজ্জীবিত না হলে রাজস্ব আয় বাড়ানো সম্ভব নয়।

এছাড়া বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়ন নিয়েও আলোচনা হয় বলে তিনি জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠকে এ বিষয়গুলো নিয়ে অগ্রগতি ও সম্ভাবনা আলোচনা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top