সোমবার বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ২০:৫৭
বগুড়া জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী এই সরকারি সফরে তিনি বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন এবং একটি জনসভায় ভাষণ দেবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক আবুল কালাম আজাদ।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ভোর ৬টায় ঢাকা থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হবেন। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছে সংক্ষিপ্ত বিরতির পর বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন করবেন। একইসঙ্গে ই-বেইল বন্ড কার্যক্রমের সূচনা করবেন তিনি।
এরপর বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরভবনে গিয়ে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। পরে গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশে রওনা হয়ে দুপুর ১২টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬ উদ্বোধন করবেন তিনি। একইসঙ্গে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
দুপুর ১টা ৪৫ মিনিটে নশিপুরে চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন। পরে দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি বাগবাড়ী থেকে বগুড়া সার্কিট হাউসে ফিরে আসবেন।
বিকাল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। ফেরার পথে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে স্বল্প সময়ের জন্য বিরতি নেওয়ার কথা রয়েছে এবং রাত ১১টার মধ্যে ঢাকায় পৌঁছাবেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বগুড়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সফর নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।