‘বিদায়’ সিনেমার শুটিংয়ে দীঘি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১১:২১
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি আবারও ব্যস্ত সময় পার করছেন নতুন সিনেমার শুটিং নিয়ে। দীর্ঘ বিরতির পর তার অভিনীত ‘বিদায়’ সিনেমার শুটিং ফের শুরু হয়েছে।
সিনেমাটির প্রথম ধাপের কাজ শেষ হওয়ার পর সাময়িক বিরতি নেওয়া হয়েছিল। পরে নির্মাতা মেহেদী হাসান হৃদয় অন্য একটি প্রজেক্টে ব্যস্ত থাকায় শুটিং কিছুদিন বন্ধ ছিল। সম্প্রতি সেই কাজ শেষ করে আবারও শুরু হয়েছে ‘বিদায়’-এর শুটিং।
শুটিং শুরু হতেই নতুন লুক ও চরিত্র নিয়ে আলোচনায় উঠে এসেছেন দীঘি। শুটিং সেট থেকে তোলা কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন অভিনেতা ফারুক আহমেদ, যা ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ আরও বেড়েছে।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে নিয়মিত নায়িকা চরিত্রে কাজ করছেন দীঘি। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপনের চেষ্টা তার সাম্প্রতিক কাজগুলোতে স্পষ্ট। ‘বিদায়’ সিনেমাটিও তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে।
এই সিনেমায় দীঘির সঙ্গে অভিনয় করছেন ফারুক আহমেদ, বাপ্পারাজ ও আলীরাজের মতো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা। নির্মাতা ও সংশ্লিষ্টরা মনে করছেন, সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দীঘির অভিনয়ে নতুন মাত্রা যোগ করবে।
নির্মাণসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্রুত শুটিং শেষ করে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘বিদায়’। ফলে ঈদের সিনেমার তালিকায় দীঘির এই নতুন কাজ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।