সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন: প্রেস সচিব
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৭:১৮
গত দুই মাসে সরকারের কর্মকাণ্ডে জনগণের আস্থা ফিরে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রতি জনগণের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।
শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরতেই এ আয়োজন করা হয়, যেখানে সাতটি গুরুত্বপূর্ণ সাফল্যের দিক তুলে ধরা হয়।
সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী সরাসরি জনগণের সঙ্গে সংযোগ রাখছেন এবং সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন। অতিরিক্ত নিরাপত্তা নিয়েও তিনি তেমন গুরুত্ব দিচ্ছেন না।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন। সরকারের সবচেয়ে বড় অর্জন হিসেবে তিনি উল্লেখ করেন- জনগণ যেমন প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন, তেমনি প্রধানমন্ত্রীও জনগণের প্রতি বিশ্বাস রেখেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি জানান, জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।