শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৭:৩২

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি না হলে শক্তি প্রয়োগ করেও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হবে। তার এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান, দাবি করেছে এ ধরনের প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান প্রায় সব বিষয়ে সম্মত হয়েছে। এমনকি সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে যুক্তরাষ্ট্রে নেওয়ার বিষয়েও নাকি তারা রাজি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, এ কাজে মার্কিন স্থলবাহিনীর প্রয়োজন হবে কি না। জবাবে ট্রাম্প বলেন, সেনা প্রয়োজন হবে না; পারস্পরিক সমঝোতার মাধ্যমেই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নেওয়া সম্ভব। তার ভাষ্য, চুক্তি হয়ে গেলে সংঘাতের কোনো প্রয়োজন পড়ে না।

সম্ভাব্য চুক্তির বিষয় তুলে ধরে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সব পারমাণবিক উপাদান নিজেদের নিয়ন্ত্রণে নেবে। তিনি ‘পারমাণবিক ধুলো’ নামে একটি শব্দ ব্যবহার করেন, যদিও পরমাণু শক্তি খাতে এমন কোনো স্বীকৃত পরিভাষা নেই। বিশ্লেষকদের মতে, তিনি মূলত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতকেই বোঝাতে চেয়েছেন।

অন্যদিকে, ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ট্রাম্পের এসব বক্তব্যকে ‘কাল্পনিক’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠানোর বিষয়ে কোনো ধরনের সম্মতি দেয়নি তেহরান।

একই সঙ্গে তিনি ট্রাম্পের আরেক দাবি ইরান অনির্দিষ্টকালের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি হয়েছে তাও প্রত্যাখ্যান করেন। তার বক্তব্য, আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেবে না ইরান।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top