জাতীয় জাদুঘরে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, ১৩ লাখ টাকায় চাকরির ‘গ্যারান্টি’
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১৩:৪৩
জাতীয় জাদুঘরে চাকরি দেওয়ার নামে ঘুষ লেনদেন ও নিয়োগ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি এক কর্মচারীর সঙ্গে চাকরিপ্রত্যাশীর কথোপকথনের অডিও ফাঁস হয়েছে, যেখানে ১৩ লাখ টাকার বিনিময়ে চাকরি নিশ্চিত করার আশ্বাস দেওয়ার দাবি করা হয়েছে।
অডিওতে কথিতভাবে শোনা যায়, জাতীয় জাদুঘরের এক কর্মচারী মো. সুমন মিয়া চাকরির রেট হিসেবে ১৩ লাখ টাকা নির্ধারণের কথা বলেন এবং জানান, তিনি শুধু “মাধ্যম”—টাকা যথাস্থানে পৌঁছে দেওয়াই তার কাজ। তার দাবি অনুযায়ী, অর্থ লেনদেন সম্পন্ন হলে পরীক্ষায় অংশগ্রহণ বা পাস করারও প্রয়োজন নেই।
চাকরিপ্রত্যাশীর সঙ্গে কথোপকথনে আরও বলা হয়, এটি একটি “টোটাল প্যাকেজ”—যেখানে প্রার্থীকে কোনো প্রক্রিয়াগত ঝামেলায় যেতে হবে না।
সম্প্রতি জাতীয় জাদুঘরের বিভিন্ন পদে ৪৮ জনের নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, প্রক্সি পরীক্ষা, উত্তরপত্র পরিবর্তন এবং স্বজনপ্রীতির মতো নানা অনিয়মের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত কর্মচারী সুমন মিয়া এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তিনি এমন কোনো কথা বলেননি এবং তার পক্ষে এ ধরনের কাজ করা সম্ভব নয়।
অভিযোগ রয়েছে, সুমনের বোন তাসলিমা আক্তারও একই প্রতিষ্ঠানে টেলিফোন অপারেটর পদে নিয়োগ পেয়েছেন, যেখানে তার নিয়োগ প্রক্রিয়াতেও অনিয়মের সন্দেহ প্রকাশ করা হয়েছে। পরে তাকে অন্য একটি সংগ্রহশালায় বদলি করা হয়।
এ বিষয়ে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের একাংশ অনিয়মের অভিযোগ অস্বীকার করে জানায়, নিয়োগ প্রক্রিয়া একটি কমিটির মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং কোনো আর্থিক লেনদেনের ঘটনা সত্য নয়।
তবে অডিও ফাঁস এবং নিয়োগ ঘিরে একাধিক অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।