জামায়াত আমিরের বক্তব্য ‘ভিত্তিহীন’: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১০:১২

সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও তার দল সুষ্ঠু রাজনৈতিক চিন্তাভাবনা করে না।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, নির্বাচনে “ইঞ্জিনিয়ারিং” করে বিএনপি ক্ষমতায় এসেছে—জামায়াত আমিরের এমন বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার ভাষায়, দেশি-বিদেশি সব পর্যবেক্ষকই স্বীকার করেছেন, ওই নির্বাচন ছিল সবচেয়ে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু। সেই নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে।

তিনি আরও বলেন, জামায়াত আমিরের বক্তব্য তিনি প্রত্যাখ্যান করছেন এবং তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন।

জামায়াতের উদ্দেশে ফখরুল অভিযোগ করেন, একটি মহল বিএনপির কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে এবং দেশে আবারও স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অতীত অভিজ্ঞতায় জনগণ ইতোমধ্যে ওই দলকে প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করা হবে।

আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের আহ্বান জানান মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top