রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন আটক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১১:১৩

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনার পর কোল টমাস অ্যালেন নামে এক সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

৩১ বছর বয়সী ওই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা এবং পেশায় শিক্ষক বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তির কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি অনুষ্ঠানস্থল ওয়াশিংটন হিলটন-এ অতিথি হিসেবে প্রবেশ করেছিলেন।

শনিবার রাতে হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নিরাপত্তা ভেঙে ঢোকার পরপরই তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হামলার অভিযোগ আনা হয়েছে। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, তাকে মাটিতে ফেলে নিয়ন্ত্রণে নেয় নিরাপত্তা বাহিনী।

যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটর জিনিন পিরো জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের একাধিক অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে এবং তদন্তের ভিত্তিতে আরও অভিযোগ যুক্ত হতে পারে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে নিয়ন্ত্রণে নেওয়ার সময় গুলিবিনিময় হয়, যেখানে এক কর্মকর্তা আহত হন। তবে তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরা থাকায় প্রাণে রক্ষা পান।

ঘটনার সময় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তারা। সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

তদন্ত সংস্থা এফবিআই এবং সিক্রেট সার্ভিস যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে। ঘটনাস্থল থেকে একটি লম্বা বন্দুক ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এফবিআই জানিয়েছে, ঘটনাটি পরিকল্পিত হামলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই ধরনের সহিংসতার কাছে তারা নতি স্বীকার করবে না এবং স্থগিত অনুষ্ঠান ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজন করা হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top