বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৬:০৬
ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকার সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদের অধিবেশনে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।
কলিম উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, টানা ভারী বৃষ্টিতে সুনামগঞ্জসহ হাওরাঞ্চল প্লাবিত হয়েছে এবং কৃষকরা কষ্ট করে ধান কাটার চেষ্টা করছেন। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিন দিন আগে আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে তিনি সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছিলেন। তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় আগাম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল।
হাওরাঞ্চলের কৃষকদের দুর্ভোগকে বেদনাদায়ক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে তিনি ইতোমধ্যে আলোচনা করেছেন। প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জসহ তিনটি জেলা এবং ময়মনসিংহের কিছু এলাকার কৃষকদের চিহ্নিত করে তাদের সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে আগামী তিন মাস তাদের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।