ভারী বৃষ্টিতে পাঁচ জেলায় বন্যার শঙ্কা, দুই জেলায় ইতিমধ্যে প্লাবন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৩৪
দেশের বিভিন্ন স্থানে গতকাল থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। এই টানা বৃষ্টিপাতের কারণে দেশের অন্তত পাঁচ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পানি উন্নয়ন বোর্ডের সংস্থাটির তথ্য অনুযায়ী, ইতিমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা শুরু হয়েছে। বাকি তিন জেলায়ও পানির স্তর দ্রুত বাড়ছে, ফলে সেখানে বন্যার আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানিয়েছেন, মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি বলেন, টানা ভারী বৃষ্টিই এ অবস্থার মূল কারণ।
আবহাওয়া অধিদপ্তর এর আগে জানিয়েছিল, পরবর্তী ৯৬ ঘণ্টায় দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সেই পূর্বাভাস অনুযায়ী গত রাত থেকেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির তীব্রতা বেড়েছে। রাজধানীতেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে, ১৬১ মিলিমিটার। এছাড়া ভোলায় ১৫১ মিলিমিটার এবং ফেনীতে ১৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, বর্তমানে চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো ভুগাই-কংস, মনু, সোমেশ্বরী ও মগরা নদী। এর মধ্যে মনু ছাড়া বাকি তিনটি নদী নেত্রকোনা অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত।
এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও ১ থেকে ১.৫ মিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ছোট নদীগুলো হওয়ায় ভারী বৃষ্টিতে দ্রুত পানির উচ্চতা বেড়ে যায়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৃষ্টি কমে গেলে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।