শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

ইতালিতে ভাইয়ের হাতে ভাই হত্যা,বেরিয়ে এলো খুনের নেপথ্য কারণ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ০৯:৪১

সংগৃহীত

ইতালির লেইজ শহরে বাংলাদেশি দুই ভাইয়ের মধ্যে সংঘটিত হত্যাকাণ্ড ঘিরে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ছোট ভাই নয়ন ফকিরকে হত্যার অভিযোগ উঠেছে তারই বড় ভাই হুমায়ুন ফকিরের বিরুদ্ধে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের এই পরিবারের ভেতরে দীর্ঘদিন ধরে চলছিল পারিবারিক কলহ। অভিযোগ রয়েছে, বড় ভাই হুমায়ুন ফকিরের পরকীয়া সম্পর্ক ও দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে পরিবারে তীব্র বিরোধ সৃষ্টি হয়।

হুমায়ুনের প্রথম স্ত্রী আমেনা আফরিন থাকলেও তিনি তার এক চাচাতো বোনের সঙ্গে গোপনে সম্পর্ক গড়ে তোলেন এবং পরে দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনায় পরিবারের সদস্যরা বিরোধিতা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অর্থনৈতিক দ্বন্দ্বও এই ঘটনার পেছনে ভূমিকা রেখেছে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, নয়নকে ইতালি নেওয়ার খরচ, দেশে পাঠানো অর্থ এবং পারিবারিক ব্যয়ের হিসাব নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল।

পরিবারের অভিযোগ, এসব বিরোধের জেরে হুমায়ুন পরিকল্পিতভাবে ছোট ভাই নয়নকে হত্যা করেন। ঘটনার দিন নয়ন বৈদ্যুতিক সাইকেল চার্জ দিতে গেলে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করা হয় তাকে।

ঘটনার পর হত্যার ভিডিও কলের মাধ্যমে পরিবারের কাছে পাঠানো হয় বলে অভিযোগ উঠেছে, যা ঘটনাটিকে আরও চাঞ্চল্যকর করে তুলেছে।

বর্তমানে অভিযুক্ত হুমায়ুন ফকির ইতালি পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। পরিবার থেকে তার সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে।

এই ঘটনার পর দুই ভাইয়ের গ্রামে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top