জীবনের পথে কৃতজ্ঞতা, ইতিবাচক চিন্তা ও বিনয়ী আচরণই সুখের চাবিকাঠি
আফসান জানি | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯
জীবনের পথে সবসময় কিছু প্রাপ্তি এবং কিছু অপ্রাপ্তি থাকবে; সুখও থাকবে, কষ্টও থাকবে। কিন্তু যে মানুষ কৃতজ্ঞ থাকে, কঠিন সময়ে আশা ধরে রাখে এবং বিনয়ী আচরণ করে, সেই মানুষই প্রকৃত অর্থে চমৎকার ও মহান।
জীবনের প্রতিটি প্রাপ্তি ও সাফল্য আসলে একেকটি আর্শীবাদ। আমাদের জীবনের ক্ষুদ্র-বৃহৎ সাফল্যগুলো নিয়ে মহান আল্লাহর নিকট সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমরা আজ যে অবস্থানে আছি, তা হয়তো আমাদের কাছে সাধারণ মনে হয়; কিন্তু এমন অনেক মানুষ আছেন, যারা আমাদের এই ক্ষুদ্র সাফল্য অর্জনের জন্য দীর্ঘদিন চেষ্টা করে যাচ্ছেন। তবুও আমরা প্রায়ই না-পাওয়ার হিসাব করি, যা নেই সেটাতেই মন খারাপ করি। অথচ একটু থেমে ভাবলেই বোঝা যায়—আমরা যা পেয়েছি, সেটাই কারও চাওয়ার শীর্ষে। কৃতজ্ঞতা মানুষকে তৃপ্তি ও মানসিক প্রশান্তি দেয়।
জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। কখনও সুন্দর সময় আসে, কখনও কঠিন সময় আসে। তাই জীবনের সংকটময় মুহূর্তগুলোতেও ইতিবাচক চিন্তা রাখা উচিত। ইতিবাচক চিন্তা জীবনের অন্ধকারকে আলোর পথে নিয়ে যায়। আমরা সবাই জীবনের পথে কখনও না কখনও সমস্যার মুখোমুখি হই; হয়তো পরীক্ষায় ভালো ফলাফল আসে না, হয়তো দিনভর কাজ করার পরও অনেক কিছু করা সম্ভব হয় না। এমন সময় অনেকেই হতাশ হয়ে পড়ি। কিন্তু সেই মূহুর্তে ইতিবাচক চিন্তা রাখলে, সমস্যাগুলোকে সহজভাবে দেখা যায়। যেমন, আজ যদি কোনো কাজ ঠিকমতো না হয়, তা মানে তুমি ব্যর্থ নও; বরং এটি একটি শেখার সুযোগ। দিনে ছোট ছোট ভালো জিনিসের জন্য কৃতজ্ঞ থাকলেই মন শান্ত থাকে এবং আগামী দিনের জন্য শক্তি পাওয়া যায়।
বিনয় মানুষের প্রকৃত সৌন্দর্য। আমাদের উচিত সবার সঙ্গে নম্র ও বিনয়ীভাবে আচরণ করা। আমরা কতদিন বাঁচব, তা ঠিক আমাদের কারও জানা নেই। তবুও আমরা প্রায়ই তুচ্ছ কারণে অন্যের সঙ্গে খারাপ আচরণ করি। বিনয়ী মানুষকে সবাই মনে রাখে। যে মানুষ বিনয়ী, তার স্থান অন্যের হৃদয়ে দীর্ঘদিন থাকে এবং স্থায়ীভাবে জায়গা করে নেয়। যে মানুষ নিজের কথা বিনয়ের সাথে প্রকাশ করতে পারে, সে প্রকৃতভাবে মহান। অহংকার মানুষকে দূরে ঠেলে দেয়, কিন্তু বিনয় মানুষকে কাছে টানে। পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা অর্থে মাপা যায় না; বিনয় সেই অমূল্য গুণগুলোর একটি। আমাদের আচরণ, কথা বলা ও ব্যবহারের মধ্যেই আমাদের সত্যিকারের পরিচয় লুকিয়ে আছে।আসুন, আমরা এমন মানুষ হই, যার কথায় থাকে সম্মান, ব্যবহারে থাকে বিনয়, আর হৃদয়ে থাকে মানবতার আলো।
লেখক:
আফসান জানি, শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।