শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

সবার আগে ৭১, এর পরে সবকিছু: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১৭:৫৭

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস অন্য কোনো ইতিহাসের সঙ্গে তুলনা করা যাবে না।

তিনি বলেন, কেউ চেয়েছিলেন সংবিধানের প্রস্তাবনায় ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনকে ১৯৪৮ সালের চব্বিশের গণ-অভ্যুত্থানের সঙ্গে সমান স্থানে দাঁড় করাতে, কিন্তু একাত্তরের ইতিহাস অনন্য ও বিতর্কহীন।

শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজন করা আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক এবং তা বিশ্বমঞ্চে স্বীকৃত। ২৫ মার্চ কালরাত্রিতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী রাজারবাগসহ বিভিন্ন স্থানে গণহত্যা শুরু করে, তখনই চট্টগ্রাম থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দেন। তিনি আরও বলেন, “দালিলিকভাবে প্রমাণিত, জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল।”

আওয়ামী লীগের সমালোচনা করে মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকার দীর্ঘ সময় ধরে স্বাধীনতার মিথ্যা দলিল ও বয়ান তৈরি করেছে। তারা রাজনৈতিক স্বার্থে প্রকৃত ইতিহাসকে অস্বীকার করেছে এবং একক কৃতিত্বের দৃষ্টিতে সবকিছু দেখানোর চেষ্টা করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সবার অবদানের স্বীকৃতি দিতে চাই, কারো সম্মান কেড়ে নিতে চাই না।”

আলোচনা সভায় বিএনপির লড়াই ও সংগ্রামের ইতিহাস তুলে ধরে মন্ত্রী বলেন, স্বাধীনতা রক্ষা ও বহুদলীয় সংসদীয় রাজনীতি প্রবর্তনে বিএনপির অবদান অনস্বীকার্য। বিশেষ করে ১৯৯০-এর গণ-অভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের যাত্রা বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায়। বিএনপি সবসময়ই স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দৃঢ় নেতৃত্ব দিয়েছে।

চব্বিশের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার পতিত হয়েছে, কিন্তু রাষ্ট্র এখনও নতুনভাবে গঠিত হয়নি। ২৪-এর অভ্যুত্থান আমাদের স্বৈরাচারমুক্ত করেছে, এখন আমাদের কাজ একটি আধুনিক ও গণতান্ত্রিক দেশ গঠন করা।”

মন্ত্রী আরও জানান, সরকার সংসদীয় রাজনীতির চর্চা ও আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারে প্রতিশ্রুতিবদ্ধ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top