শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১৬:৩৩

ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। দেশটির উত্তরাঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (২৭ মার্চ) দেশটির সংবাদমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ৯টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল উত্তর-পশ্চিম কাশ্মীর অঞ্চলে, গিলগিট শহর থেকে প্রায় ৮৪ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার।

এ ঘটনায় গিলগিট, স্কার্দু, পাট্টান, বালাকোটসহ আশপাশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থানের কারণে পাকিস্তানে প্রায়ই এ ধরনের কম্পন অনুভূত হয়। দেশটি আরবীয়, ইউরেশীয় ও ভারতীয়—এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে একাধিক ফল্ট লাইনের কারণে নিয়মিত ভূকম্পন ঘটে থাকে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এর আগে একই মাসে ৪ দশমিক ৫ ও ৫ দশমিক ৯ মাত্রার আরও দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top