ছাত্রশক্তির নেতা আবু বাকেরের বিয়ে, সংগঠনের নেত্রীই জীবনসঙ্গী
রাজনীতি ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ০৯:২৭
রাজধানীতে ঘরোয়া পরিবেশে বিয়ের পিঁড়িতে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। শুক্রবার (৩ এপ্রিল) পারিবারিক আয়োজনে তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
জানা গেছে, পারস্পরিক সম্মতিতে দুই পরিবারের উপস্থিতিতে সীমিত পরিসরে এ বিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহযোদ্ধা ও ঘনিষ্ঠ সহপাঠীরা।
পাত্রী রাফিয়া রেহনুমা হৃদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের সাবেক ভিপি এবং বর্তমানে জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনিও সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন।
অন্যদিকে, আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী এবং বর্তমানে একই বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। শিক্ষাজীবনে তিনি বিসিআইসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি ফজলুল হক মুসলিম হলে অবস্থান করেন। পরবর্তীতে রাজনৈতিক কারণে হল ছাড়লেও পরে পুনরায় হলে ফিরে আসেন। এর আগে তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সহযোদ্ধা ও রাজনৈতিক সহকর্মীরা। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে তাদের জন্য শুভকামনা জানান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।