ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যু: জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৭:১৪

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি সংহতি প্রকাশ করে অংশ নেন কয়েকজন শিক্ষকও।

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থী আনিয়া আক্তার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভাগে কিছু শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও মানসিকভাবে নিপীড়নের পরিবেশ তৈরি হয়েছে। মিমোর অকাল মৃত্যু সেই পরিস্থিতিরই মর্মান্তিক পরিণতি বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং ক্যাম্পাসে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে বিভাগও একমত। ঘটনার পর বিভাগ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যকে জানানো হয়েছে। অভিযুক্ত শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে বিভাগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সব দাবির প্রতি বিভাগ একাত্মতা প্রকাশ করেছে।

মানববন্ধনে মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের রাফিউল রকি শিক্ষার্থীদের পক্ষে কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-

১. অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তী এবং উম্মে হানীর বিষয়ে বিভাগকে দ্রুত স্পষ্ট অবস্থান নিতে হবে। কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে।

২. নৈতিক স্খলন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সুদীপ চক্রবর্তীকে স্থায়ীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করতে হবে।

৩. শিক্ষার্থীদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন, ফলাফল ও চাকরির প্রলোভন এবং ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি বন্ধ করতে হবে। অভিযোগ প্রমাণ হলে সংশ্লিষ্ট শিক্ষককে অনতিবিলম্বে চাকরিচ্যুত করার বিধান সংযুক্ত করতে হবে।

৪. মিমোর পরিবারকে পরিচালনার দায়িত্বে রেখে আইনি প্রক্রিয়ার সম্পূর্ণ আর্থিক ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে। মামলা প্রত্যাহারের কোনো চাপ যেন না আসে তা নিশ্চিত করতে হবে।

৫. তদন্ত সাপেক্ষে উম্মে হানীসহ দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

৬. অ্যাকাডেমিক কাজের বাইরে শিক্ষক-শিক্ষার্থীর উভয়পক্ষ থেকে অযাচিত যোগাযোগ বন্ধ করতে প্রয়োজনীয় কার্যকর নীতিমালা প্রণয়ন ও প্রয়োগ করতে হবে। শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

৭. চূড়ান্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিদেশ গমনের অনাপত্তিপত্র প্রদান বন্ধ রাখতে হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top