মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

বলিউড অভিনেতা ভরত কাপুর আর নেই

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৮:০৬

সংগৃহীত

বলিউডের একসময়ের পরিচিত মুখ ও শক্তিশালী পার্শ্বচরিত্রের অভিনেতা ভরত কাপুর আর নেই। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে মুম্বাইয়ে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পর্দায় ভিলেনের সহচর হিসেবে অনন্য উপস্থিতি ছিল তার। সংলাপ উপস্থাপন এবং পরিমিত অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। চলচ্চিত্রের পাশাপাশি থিয়েটারের মঞ্চেও তিনি সমানভাবে প্রশংসিত হন।

অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী অবতার গিল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জানান, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ভরত কাপুর। প্রায় ৫০ বছরের দীর্ঘ বন্ধুত্ব ছিল তাদের।

সত্তরের দশকে বলিউডে অভিনয় জীবন শুরু করা এই অভিনেতা নুরি, রাম বলরাম, লাভ স্টোরি, বাজার, গুলামি এবং সাজন চলে শ্বশুরাল-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। কখনো আইনজীবী, কখনো পুলিশ, আবার কখনো খলনায়কের চরিত্রে সমান দক্ষতায় নিজেকে তুলে ধরেছেন তিনি।

ছোটপর্দাতেও ছিল তার সক্রিয় উপস্থিতি। ক্যাম্পাস, শাঁস, আমানত, তারা এবং চুনোতি-র মতো ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যান।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী লোপা এবং দুই পুত্র রাহুল ও সাগরকে রেখে গেছেন। এর আগে তার একমাত্র কন্যা কবিতা অকালেই মারা যান।

ভরত কাপুরের মৃত্যুতে বলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তবে তার অভিনীত অসংখ্য চরিত্রের মধ্য দিয়েই তিনি দর্শকদের হৃদয়ে বেঁচে থাকবেন দীর্ঘদিন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top