মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

‘প্রিন্স’ ঘিরে বিতর্ক, শুটিং-ডাবিং জটিলতা নিয়ে বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৮:১০

সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমা মুক্তির পর বক্স অফিসে আশানুরূপ সাড়া না পাওয়ার মধ্যেই নতুন করে বিতর্ক সামনে এসেছে। সম্প্রতি চলচ্চিত্র সংশ্লিষ্ট এক সেমিনারে সিনেমাটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।

পরিচালক সমিতি আয়োজিত ‘আমাদের চলচ্চিত্র, আজকের প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনারে তিনি দাবি করেন, শ্রীলঙ্কায় ১৬ দিন অবস্থান করেও ‘প্রিন্স’ টিম কোনো শুটিং করতে পারেনি। এমনকি ভারতের শুটিং চলাকালীন অতিরিক্ত পারিশ্রমিকের দাবির কারণে ডাবিং কার্যক্রমও বন্ধ ছিল বলে অভিযোগ করেন তিনি।

খসরুর ভাষ্য অনুযায়ী, “সিনেমা মুক্তির পর প্রযোজককে দায়ী করা হয়েছে। কিন্তু সময়মতো কাজ শেষ না হওয়া বা অসম্পূর্ণ সিনেমা মুক্তির পেছনের কারণগুলো কেউ খতিয়ে দেখেনি।”

এদিকে ‘প্রিন্স’ সিনেমার নির্মাতা আবু হায়াত মাহমুদ এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, শুটিং বা ডাবিংয়ের সময় শাকিব খান অতিরিক্ত পারিশ্রমিক দাবি করেছেন—এমন অভিযোগ সত্য নয়। “এসব গুজব কেন ছড়িয়েছে, তা আমার জানা নেই,” বলেন তিনি।

সিনেমাটি মুক্তির পর প্রযুক্তিগত সমস্যার কারণে মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স-সহ দেশের কয়েকটি হলে প্রদর্শনী ব্যাহত হওয়ার অভিযোগও ওঠে, যা দর্শকদের মধ্যে হতাশা তৈরি করে।

‘প্রিন্স’ সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য এবং ইন্তেখাব দিনার।

সব মিলিয়ে ‘প্রিন্স’ সিনেমাকে ঘিরে শুটিং জটিলতা, ডাবিং বিতর্ক এবং মুক্তির পরের সমস্যাগুলো এখন আলোচনার কেন্দ্রে রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top