বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

মায়ের কবরের পাশে কান্নারত সেই শিশু এখন কেমন আছে?

কুমিল্লা প্রতিনিধি | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৭

ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে মায়ের কবরের পাশে বসে কান্নারত এক শিশুর হৃদয়বিদারক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ভিডিওতে শিশুটিকে মায়ের জন্য আকুল হয়ে কাঁদতে দেখা যায়, যা মানুষের সহানুভূতি কাড়ে।

ঘটনার সূত্র ধরে জানা যায়, শিশুটি তার সৎমায়ের নির্যাতনে অতিষ্ঠ হয়ে এমন অবস্থায় পৌঁছেছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে মঙ্গলবার (২৪ মার্চ) শিশুটিকে তার সৎমাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডাকা হয়।

সেখানে উপস্থিত হয়ে সৎমা আয়েশা আক্তার তার আচরণের জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন। উপজেলা প্রশাসন তাকে এক মাসের জন্য সতর্কতামূলক সময় দিয়েছে। এ সময়ের মধ্যে পুনরায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু নিশ্চিত করেছেন যে, শিশুটির ওপর নির্যাতনের অভিযোগ সত্য। শিশুটি ও তার বোন বর্তমানে সৎমায়ের সঙ্গেই বসবাস করছে।

প্রশাসনের হস্তক্ষেপের পর শিশুটির সঙ্গে কথা বলে জানা গেছে, সে এখন ভালো আছে এবং পরিবার থেকেও আর কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না।

উল্লেখ্য, প্রায় চার বছর আগে শিশুটির মা রেহানা বেগম মারা যান। পরে তার বাবা প্রবাস থেকে ফিরে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই শিশুটি সৎমায়ের সঙ্গেই বসবাস করে আসছিল।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top