বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

উত্তরাঞ্চলের শিল্পায়নে গতি আনতে লালমনিরহাটে গুরুত্বপূর্ণ আলোচনা সভা

লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১১:১১

ছবি: সংগৃহীত

লালমনিরহাটে শিল্পায়ন জোরদারের লক্ষ্যে মঙ্গলবার (২৪ মার্চ) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট-২ ও ৩ আসনের সংসদ সদস্য, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সরকারি-বেসরকারি কর্মকর্তা ও উদ্যোক্তারা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বিগত সরকারের সময় রংপুর বিভাগে যথাযথ উন্নয়ন বরাদ্দ ছিল না। বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন খাতে পর্যাপ্ত অর্থায়ন হয়নি। তাই বর্তমান সময়ে নতুন পরিকল্পনার মাধ্যমে এ অঞ্চলের উন্নয়ন ও শিল্পায়ন ত্বরান্বিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

বিশেষ অতিথি ও প্রধানমন্ত্রীর পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মামুন তিতুমীর বলেন, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ জরুরি। স্থানীয় পর্যায়ের মতামত ও প্রস্তাবনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

মন্ত্রী ও উপদেষ্টা উভয়ই উক্ত অঞ্চলে শিল্পায়নের সুযোগ সৃষ্টি করতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top