বৃহঃস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস উদ্ধার, ২৩ মরদেহ উদ্ধার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৭:১৯

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি প্রায় ৬ ঘণ্টা পর উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। বুধবার রাত সোয়া ১১টার দিকে বাসটির একটি অংশ পানির ওপরে ভেসে ওঠে এবং রাত সাড়ে ১১টার দিকে ক্রেনের সাহায্যে পুরো বাসটি নদী থেকে তোলা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত বাস থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নৌপ্রতিমন্ত্রী জানিয়েছেন, বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে আসা ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। খবর পাওয়ার পর বিকেল ৫টা ৪০ মিনিটের মধ্যেই বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়া ও ঝড়ো পরিস্থিতির কারণে উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও শেষ পর্যন্ত বাসটি নদী থেকে তোলা সম্ভব হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত একটি কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের আরেকটি কমিটিকেও একই সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top