শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

রামেকে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট ভর্তি ১৪৯

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৩:৫৮

সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে ২৫ জন শিশু। বর্তমানে হাসপাতালে হাম উপসর্গ নিয়ে মোট ১৪৯ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস। তিনি জানান, এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট ৩৭৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

ডা. শংকর কে বিশ্বাস বলেন, বর্তমানে হাসপাতালে ভর্তি ১৪৯ শিশুর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৫ জন নতুন রোগী যুক্ত হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ জন।

হাম সংক্রমণ ঠেকাতে হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আইসোলেশন ওয়ার্ড ও আইসোলেশন কর্নার চালু করা হয়েছে। পাশাপাশি শিশু আইসিইউর শয্যা সংখ্যা বাড়িয়ে ১৮ করা হয়েছে। আইসিইউতে চাপ কমাতে বিকল্প ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউতে সাময়িকভাবে ১০টি বেড ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে রামেক হাসপাতাল থেকে এক শিশু রোগীকে সেখানে স্থানান্তর করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও রোগী স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মার্চ মাসের শুরু থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে মোট ৩৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে রাজশাহীতে এখনো নিশ্চিতভাবে হাম শনাক্তের পরীক্ষার সুবিধা না থাকায় রোগীদের প্রাথমিকভাবে ‘সন্দেহভাজন’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

এদিকে, রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় সবচেয়ে বেশি হামের প্রাদুর্ভাব দেখা গেছে। এছাড়া নওগাঁ, নাটোর ও পাবনা জেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসকরা সার্বক্ষণিক সেবা দিয়ে সকল রোগীর চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top