বদলি হলেও থানা ছাড়েন নাই ওসি খন্দকার নাসির উদ্দিন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৪:০১
গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে বদলি করা হলেও তিনি এখনো নতুন কর্মস্থলে যোগ দেননি। এতে নতুন ওসির দায়িত্ব গ্রহণেও জটিলতা তৈরি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ কালিয়াকৈরের খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে ৯টি ঘোড়া উদ্ধার করে পুলিশ। পরে সেগুলো থানা হেফাজতে রাখা হয়। এ সময় অসুস্থ হয়ে একটি ঘোড়া মারা যায়।
অভিযোগ উঠেছে, গত রোববার ভোরে ওসি খন্দকার নাসির উদ্দিন গোপনে এক ব্যক্তির কাছে বাকি ৮টি ঘোড়া বিক্রি করে দেন। সোমবার সকালে থানায় ঘোড়া না দেখে স্থানীয়রা ও সংবাদকর্মীরা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে উপজেলা প্রশাসনের নির্দেশে ঘোড়াগুলো ফেরত আনা হয়। পরে ২৪ মার্চ দুপুরে প্রকাশ্য নিলামের মাধ্যমে সেগুলো বিক্রি করা হয়। তবে ফেরত আনা ঘোড়ার মধ্যে দুটি ঘোড়ার রঙে অমিল থাকায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।
এ ঘটনায় চাপের মুখে গত ৩০ মার্চ ওসি খন্দকার নাসির উদ্দিনকে বদলি করা হয় এবং ২ এপ্রিল নতুন ওসি পদায়ন করা হয়। কিন্তু শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত অভিযুক্ত ওসি নতুন কর্মস্থলে যোগ না দেওয়ায় নতুন ওসি দায়িত্ব নিতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে তিনি রোববার পর্যন্ত সময় নিয়েছেন।
অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মেরাজুল ইসলাম বলেন, নতুন কর্মস্থলে যোগদানের আগে থানার কিছু পেন্ডিং কাজ শেষ করতে ওসি দুই দিনের সময় নিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।