প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রথম একনেক বৈঠক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৩:০১
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক সোমবার (৬ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ১৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
জানা গেছে, এই প্রকল্পগুলোর মধ্যে ৯টি নতুন এবং বাকি ৯টি সংশোধিত বা সময় বৃদ্ধির প্রকল্প। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে দেশের অবকাঠামো ও জনসেবামূলক খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সভায় আলোচিত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন, রাজধানীতে জরুরি পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং সচিবালয়ে নতুন ভবন নির্মাণ। এছাড়া সাভার সেনানিবাসে আধুনিক ব্যারাক নির্মাণ, দেশের ৮টি বিভাগে উন্নতমানের ডায়াগনস্টিক সেন্টার স্থাপন এবং গোপালগঞ্জ ডেন্টাল কলেজ নির্মাণ প্রকল্পও অনুমোদনের তালিকায় রয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য ও নগরায়ণকে বিশেষ গুরুত্ব দিয়ে এই প্রকল্পগুলো প্রণয়ন করা হয়েছে, যাতে প্রান্তিক জনগোষ্ঠীও উন্নয়নের সুফল পায়।
নতুন সরকারের উন্নয়ন পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। কম গুরুত্বপূর্ণ নতুন প্রকল্প গ্রহণের পরিবর্তে চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে সরকারি অর্থের স্বচ্ছতা নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সভায় প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দেন, উন্নয়ন প্রকল্পের সুফল যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে এবং কোনো ধরনের অপচয় না ঘটে। পরিকল্পনা কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট অর্থায়ন বন্ধ হয়ে যেতে পারে।
এছাড়া প্রকল্পের গুণগত মান ও সময়সীমা নিশ্চিত করতে কঠোর মনিটরিং ব্যবস্থা চালুর কথাও জানানো হয়েছে। নিয়মিত তদারকির মাধ্যমে প্রকল্পগুলোর অগ্রগতি যাচাই করা হবে, যাতে কোনো কাজ দীর্ঘসূত্রতায় না পড়ে।
সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠককে নতুন সরকারের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।