আলোচিত শিক্ষক হৃদয় মণ্ডল আর নেই
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১০:৫২
মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের আলোচিত বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল আর নেই। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৫ এপ্রিল) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রাতে সিরাজদিখান উপজেলার নিজ গ্রাম নিমতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় বলে পরিবার জানিয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ববিতা হালদার, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কানের সমস্যার কারণে সম্প্রতি তিনি ভারতে গিয়ে দুই দফায় প্রায় দেড় মাস চিকিৎসা নেন। ডান কানে দুটি অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে গত ২৮ মার্চ দেশে ফেরেন। পরদিন ২৯ মার্চ কর্মস্থলে যোগ দিয়ে স্বাভাবিক পাঠদানও করেন।
তবে ওই দিন রাতেই হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হলে তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। ৩১ মার্চ থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
উল্লেখ্য, ২০২২ সালের ২২ মার্চ ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় মণ্ডলকে গ্রেপ্তার করা হলে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে ১৯ দিন কারাভোগের পর ১০ এপ্রিল তিনি মুক্তি পান এবং একই বছরের ১৬ আগস্ট মামলার অভিযোগ থেকে অব্যাহতি লাভ করেন।
দীর্ঘ ২৫ বছর ধরে তিনি ওই বিদ্যালয়ে বিজ্ঞান ও গণিত বিষয়ে শিক্ষকতা করে আসছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।