পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলি, আহত বাংলাদেশি যুবক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৩:০৮
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর সীমান্তের গাডিয়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মিজানুর রহমান (২৪) স্থানীয় রহমতপুর গ্রামের বাসিন্দা। তিনি মফিজুল ইসলাম-এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিজানুর রহমান সীমান্তবর্তী ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে গেলে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে একটি গুলি তার শরীরে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে, তবে এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।