সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

অধ্যাদেশ বাতিলের চাপ রাজনৈতিক অঙ্গন থেকেই আসছে: টিআইবি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৪:০৯

ছবি: সংগৃহীত

অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর না হওয়ার পেছনে রাজনৈতিক অঙ্গন ও আমলাতন্ত্রের প্রভাব কাজ করছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বর্তমান পরিস্থিতি মূলত অভ্যন্তরীণ প্রতিরোধের ফল, যার উৎস রাজনৈতিক অঙ্গন থেকেই এসেছে।

সোমবার (৬ এপ্রিল) টিআইবি কার্যালয়ে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত কয়েকটি অধ্যাদেশ বাতিল ও সংশোধন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, অধ্যাদেশ বাতিলের পক্ষে যেসব যুক্তি তুলে ধরা হচ্ছে, তার অনেকটাই আমলাতন্ত্র থেকে এসেছে। এতে স্পষ্ট হয়, দেশের নীতিনির্ধারণে এখনো আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি দমন কমিশনের জন্য বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে সংস্থাটি পুরোপুরি কার্যকর না হলেও এখন নেতৃত্বের অভাবে আরও অকার্যকর হয়ে পড়েছে। কমিশন না থাকায় নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, যা উদ্বেগজনক। তিনি দ্রুত নতুন অধ্যাদেশ সংশোধন ও কমিশন গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশন অধ্যাদেশ ও জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ বাতিলের দাবি জানায় টিআইবি।

সংগঠনটি জানায়, পুলিশকে জনবান্ধব ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে স্বাধীন ও নিরপেক্ষ কমিশনের প্রয়োজন হলেও সংশ্লিষ্ট অধ্যাদেশে তার প্রতিফলন নেই। বরং এতে স্বাধীনতা ও নিরপেক্ষতার বিষয়টি উপেক্ষা করা হয়েছে।

টিআইবির মতে, প্রস্তাবিত কাঠামো অনুযায়ী পুলিশ কমিশন গঠিত হলে তা অবসরপ্রাপ্ত পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠানে পরিণত হবে, যা মূল উদ্দেশ্য পূরণে ব্যর্থ হতে পারে। সদস্য সচিব হিসেবে সাবেক পুলিশ কর্মকর্তাকে কর্তৃত্ব দেওয়ার বিষয়টিকেও অস্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ প্রক্রিয়াও আমলাতন্ত্রের নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়। এতে সরকারের প্রভাব ও স্বার্থের সংঘাত সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।

অন্যদিকে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। সংস্থাটি বলছে, একই কর্তৃপক্ষকে নিয়ন্ত্রক ও সেবা প্রদানকারী হিসেবে দায়িত্ব দেওয়ার ফলে স্বার্থের সংঘাত তৈরি হবে।

তারা আরও জানায়, উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য নির্বাচনের দায়িত্ব মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির হাতে থাকায় এর স্বাধীনতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। একই সঙ্গে এই কর্তৃপক্ষ নিজেই উপাত্ত পরিচালনা করবে, যা একটি সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি করবে বলে মনে করছে সংস্থাটি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top