বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

ঈশ্বরদীতে ছাত্রদল–শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৮:৪৭

সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে একটি কর্মসূচিকে কেন্দ্র করে সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে।

কলেজ ছাত্রদলের দাবি, ইটের আঘাতে তাদের শাখা সভাপতি খালিদ বিন পার্থিব, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নেতা ইব্রাহিম হোসেন ও অলিমসহ ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।

ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন খান অভিযোগ করেন, ছাত্রশিবিরের কর্মীরা বহিরাগতদের নিয়ে মিছিলসহ ক্যাম্পাসে প্রবেশ করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং কার্যালয় ভাঙচুর করে।

অন্যদিকে, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব হাসান বলেন, তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল এবং কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তারা মিছিল নিয়ে ক্যাম্পাসে যান। তিনি দাবি করেন, ছাত্রদলের কর্মীরাই প্রথমে তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। কার্যালয় ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন তিনি।

ঘটনার পর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ঈশ্বরদী শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষই ক্যাম্পাস ছেড়ে চলে গেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top