সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

হিমাগার ও বাজারদর না থাকায় রাস্তায় আলু ফেলে দিচ্ছে কৃষক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৬:১১

সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় উৎপাদিত আলুর ন্যায্য দাম না পাওয়া, হিমাগারে জায়গা সংকট এবং অতিরিক্ত ভাড়ার চাপে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেকেই বাধ্য হয়ে আলু রাস্তায় ফেলে দিচ্ছেন।

কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ যেখানে প্রতি কেজিতে প্রায় ১৮ টাকা, সেখানে পাইকারি বাজারে দাম মিলছে মাত্র ৫ টাকা। ফলে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন তারা।

কুড়িয়ার মোড় এলাকার কৃষক মিজান মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, তিনি বর্গা জমিতে চাষ করে আলু উৎপাদন করেছিলেন। কিন্তু দাম না পাওয়ায় এবং সংরক্ষণ করতে না পেরে তার প্রায় ৮০ বস্তা আলু পচে গেছে, যা শেষে রাস্তায় ফেলতে হয়েছে।

সরেজমিনে দেখা যায়, গঙ্গাচড়া সদর ইউনিয়নের চেংমারী ও কুড়িয়ার মোড় এলাকায় রাস্তার ধারে এবং বাঁশঝাড়ে পচা আলুর স্তূপ পড়ে আছে। স্থানীয়দের মতে, অন্তত দুই শতাধিক কৃষক একই সংকটে পড়েছেন।

কৃষকরা জানান, হিমাগারে জায়গা না পাওয়া এবং উচ্চ ভাড়ার কারণে অনেকেই আলু সংরক্ষণ করতে পারেননি। ফলে বাজারে দাম না বাড়ায় ও সময়মতো বিক্রি করতে না পারায় ক্ষতির পরিমাণ আরও বেড়েছে।

আরেক কৃষক চান মিয়া বলেন, হিমাগারের ভাড়া এত বেশি যে অনেক সময় সংরক্ষণের খরচই বিক্রির চেয়ে বেশি পড়ে যায়। কাইয়ুম নামের আরেক কৃষক জানান, অনেকে ঋণ করে চাষ করেছেন, এখন সেই ঋণ শোধ নিয়ে দুশ্চিন্তায় আছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে গঙ্গাচড়ায় প্রায় ৫ হাজার ৩১০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন বলেন, এবার চাহিদার তুলনায় বেশি উৎপাদন হয়েছে এবং আবহাওয়ার কারণে কিছু ক্ষতি হয়েছে। পাশাপাশি সংরক্ষণ সংকট ও বাজার পরিস্থিতিও কৃষকদের এই লোকসানের অন্যতম কারণ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top