গণনাকেন্দ্রে বিক্ষোভের মুখে মমতা,গাড়ি ঘিরে ‘চোর চোর’ স্লোগান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৭:৪৯
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে থেকে জয়ের ইঙ্গিত দিচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে দীর্ঘদিনের শাসন হারানোর শঙ্কায় চাপে পড়েছে তৃণমূল কংগ্রেস।
এই পরিস্থিতিতে সোমবার কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুল-এ ভোট গণনাকেন্দ্র পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতিবেদন অনুযায়ী, তিনি কেন্দ্রে পৌঁছালে সেখানে উপস্থিত বিজেপি সমর্থকরা তার গাড়ি ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে নিরাপত্তা জোরদার করে এবং অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। এর আগে কলকাতার কালীঘাট এলাকায় তার বাসভবনের সামনেও ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দেখা যায়।
এদিকে ভোটের ফল প্রতিকূলে থাকায় দুপুরে ফেসবুক লাইভে এসে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিজেপির এগিয়ে থাকার খবর আগে দেখানো একটি কৌশল এবং প্রায় ১০০টি স্থানে গণনা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি কল্যাণী এলাকায় কয়েকটি ইভিএম মেশিনে অসঙ্গতির অভিযোগও তোলেন তিনি।
দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ যেন গণনাকেন্দ্র ছেড়ে না যান এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। তবে সার্বিক নির্বাচনী প্রবণতা বলছে, পশ্চিমবঙ্গে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।