বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে সরকার। ক্ষতির মাত্রা অনুযায়ী প্রতি কৃষককে ন্যূনতম সাড়ে ৭ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় ন্যূনতম সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু করে আরও বেশি সহায়তাও দেওয়া হতে পারে। আগামী তিন মাস ধরে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হবে।
সম্মেলনে জেলা প্রশাসকরা আলুর বাম্পার ফলনের পরও সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকদের ন্যায্য দাম না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। তারা এ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
জবাবে কৃষিমন্ত্রী জানান, আলুর বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বৃদ্ধি করার মাধ্যমে এ সংকট নিরসনে সরকার কাজ করছে।
এদিকে কোরবানির পশুর বাজার নিয়েও আশ্বস্ত করেছেন মন্ত্রী। তিনি বলেন, দেশে কুরবানির গরুর কোনো ঘাটতি নেই, আবার অতিরিক্ত সরবরাহও নেই। ফলে বাজারে সংকটের আশঙ্কা নেই। পাশাপাশি সীমান্ত দিয়ে নতুন করে গরু প্রবেশের সম্ভাবনাও নেই বলে উল্লেখ করেন তিনি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।