যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি ঘোষণা, তেল ও শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর বৈশ্বিক জ্বালানি ও শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে, আর এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে শক্তিশালী উত্থান লক্ষ্য করা গেছে।
বিশ্লেষকরা জানিয়েছেন, যুদ্ধবিরতির খবরে বাজারে স্বস্তি ফিরেছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হোলমস বলেছেন, “বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে, তবে এই যুদ্ধবিরতি টেকসই হবে কি না তা এখনও অনিশ্চিত। ইসরায়েল, ইরান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান গুরুত্বপূর্ণ।” তিনি আরও সতর্ক করেছেন, আলোচনায় এখনো বড় ধরনের ফাঁক রয়ে গেছে এবং বাজার এখন ‘অপেক্ষা করে দেখার’ অবস্থানে রয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির ঘোষণার পর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪.৫৯ ডলারে নেমেছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দামও ১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯২.৩৫ ডলারে।
এশিয়ার শেয়ারবাজারেও বড় ধরনের উত্থান দেখা গেছে। জাপানের নিক্কেই সূচক প্রায় ৫ শতাংশ বেড়েছে, আর দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৬ শতাংশ বৃদ্ধি পাওয়ায় লেনদেন সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুদ্ধ শুরুর সময় ইরান হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দেওয়ায় বিশ্ব বাজারে তেলের দাম দ্রুত বেড়ে ব্যারেলপ্রতি ১১৯ ডলারে পৌঁছে গিয়েছিল। তবে যুদ্ধবিরতি হয়তো সাময়িক স্বস্তি দেবে, স্থায়ী শান্তি না এলে জ্বালানি উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হবে না। বিশেষ করে আমদানিনির্ভর এশিয়ার দেশগুলো এই সংকটে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।