জেট ফুয়েলের দাম এক ধাক্কায় ৮০% বৃদ্ধি, মধ্যরাত থেকেই কার্যকর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১৪:৪৫
দেশে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আকস্মিক এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
সূত্র জানায়, মঙ্গলবার জরুরি ভিত্তিতে ভার্চুয়াল বৈঠক করে বিইআরসি। এতে পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকেই জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি ৮৯ টাকা ৮৮ পয়সা বা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার করা হয়েছে, যা প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধি।
বৈঠকে উপস্থিত এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আগামী ২৪ মার্চ মধ্যরাত থেকে (২৫ মার্চ) নতুন এই মূল্য কার্যকর হবে। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলেও জানা গেছে।
বিশ্লেষকরা বলছেন, হঠাৎ এই মূল্যবৃদ্ধির প্রভাব বিমান ভাড়া ও সামগ্রিক পরিবহন ব্যয়ে পড়তে পারে, যা যাত্রীদের ওপর বাড়তি চাপ তৈরি করবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।