চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
বুধবার সংসদের অধিবেশনে লক্ষ্মীপুর-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেনের একটি তারকাচিহ্নিত প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বন্দরকে কেন্দ্র করে বিদেশি নিয়ন্ত্রণের যে আশঙ্কা তৈরি হয়েছে তা সঠিক নয়। বন্দরের মালিকানা ও সার্বভৌম নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবেই দেশের হাতেই থাকবে।
তিনি আরও বলেন, জন-নিজি অংশীদারিত্ব কর্তৃপক্ষ বা সরকারি অনুমোদিত ব্যবস্থার আওতায় শুধু বন্দরের টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে দেশি ও বিদেশি উভয় ধরনের প্রতিষ্ঠানই বিবেচনায় থাকে।
নৌপরিবহণ মন্ত্রী জানান, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি বাড়াতে এবং বন্দরের সক্ষমতা উন্নয়নের জন্য বিভিন্ন টার্মিনাল আধুনিক ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল বর্তমানে বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
এ ছাড়া কর্ণফুলী নদীর ডান তীরে লালদিয়া চরে একটি কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কভিত্তিক একটি প্রতিষ্ঠানের সহযোগী সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী স্পষ্ট করে বলেন, এসব উদ্যোগ শুধুমাত্র দক্ষতা ও সেবা বাড়ানোর জন্য নেওয়া হয়েছে, এতে দেশের বন্দরের মালিকানা বা নিয়ন্ত্রণ কোনোভাবেই বিদেশিদের হাতে যাচ্ছে না।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।