বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। সোমবার (১৩ এপ্রিল) লেনদেন শুরুর পর থেকেই তেলের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা ।
আন্তর্জাতিক বাজারে মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০২ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০৪ দশমিক ২৪ ডলারে।
বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে সংঘাত শুরুর আগে প্রতি ব্যারেল তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার। তবে সংঘাতের তীব্রতায় তা এক পর্যায়ে ১১৯ ডলার ছাড়িয়ে যায়।
এর আগে পাকিস্তানে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকের সময় তেলের দাম কিছুটা কমলেও, আলোচনা ভেস্তে যাওয়ার পর আবারও ঊর্ধ্বমুখী ধারা শুরু হয়েছে।
বিশ্ববাজারের এই পরিস্থিতি জ্বালানি খাতে নতুন করে চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।