স্বর্ণের দামে বড় পতন, নতুন দর ঘোষণা বাজুসের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৩:২৮

সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন। মঙ্গলবার (৫ মে) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

এর আগে গত ৩০ এপ্রিল সন্ধ্যায় স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় নির্ধারিত হয়।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৬১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ দফা বাড়ানো হয়েছে, আর ২৮ দফা কমানো হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজার। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় লেনদেন হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৯ বার বেড়েছে এবং ১৭ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস পেয়েছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top