রাহুলের মৃত্যুর শোকে ভেঙে পড়েছে প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৩:০৯
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তার সাবেক স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এই কঠিন সময়ে শোক সামলে উঠতে সবার কাছে সহযোগিতা ও গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
সামাজিকমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, এটি তাদের পরিবারের জন্য গভীর শোকের সময়। তিনি বলেন, পরিবার, সন্তান ও ঘনিষ্ঠজনেরা মিলে এই কঠিন ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছেন। এ সময় তিনি বন্ধু, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীদের কাছে ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ জানান।
প্রিয়াঙ্কা আরও উল্লেখ করেন, এই মুহূর্তে তাদের শান্তিতে শোক পালন করার সুযোগ প্রয়োজন এবং সকলের সহমর্মিতা ও সমর্থন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জানা গেছে, রাহুলের মৃত্যুর খবর পাওয়ার সময় প্রিয়াঙ্কা একটি ছবির পোস্টার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। আকস্মিক এ সংবাদে তিনি দিশেহারা হয়ে পড়েন—প্রথমে ছেলে সহজকে সামলাবেন, নাকি হাসপাতালে যাবেন, তা ঠিক করতে কিছুটা সময় নেন। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন, আগে রাহুলের মায়ের পাশে দাঁড়াবেন এবং দ্রুত সেখানে পৌঁছে যান।
উল্লেখ্য, ২০১০ সালে প্রিয়াঙ্কা সরকার ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হয়। ২০১৩ সালে তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান সহজ। পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হলে তারা আলাদা হয়ে যান।
রোববার দিঘার তালসারিতে শুটিং চলাকালে সমুদ্রে তলিয়ে গিয়ে মারা যান জনপ্রিয় এই অভিনেতা। তার এই মর্মান্তিক মৃত্যুতে শোকাহত টলিউডসহ ভক্ত-অনুরাগীরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।